ঝালকাঠি বড় মাছবাজার
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগ
নালায় বর্জ্য জমে থাকায় এবং পানি নিষ্কাশন না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সামান্য বৃষ্টিতেই ঝালকাঠি বড় মাছবাজারে পানি জমে যাচ্ছে। নালায় বর্জ্য জমে থাকায় এবং পানি নিষ্কাশন না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শত বছরের পুরোনো অবকাঠামো, নাজুক টিনের শেড ও সরু চলাচলের পথের কারণে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
বাজার কমিটির অভিযোগ, পৌর শহরের বড় বাজারের নালা থেকে ময়লা–আবর্জনা দীর্ঘদিন অপসারণ করা হয়নি। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন কাঁচাবাজার, মাছবাজার ও মাংসবাজারের ক্রেতা-বিক্রেতারা। বাজারের সরু গলির পথগুলো খানাখন্দ ও কর্দমাক্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে। বাজার থেকে প্রতিবছর কোটি টাকা রাজস্ব আদায় করে পৌর কর্তৃপক্ষ। তারপরও বাজার উন্নয়নে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
গত শনিবার সকালে ঝালকাঠি পৌর শহরের বড় বাজার ঘুরে দেখা যায়, কাঁচাবাজার, মাছবাজার ও মাংসবাজারের প্রতিটি নালায় বর্জ্যে ভরে আছে। নালার পাশ দিয়ে চলাচল করতে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। মাছবাজারের ভেতর পানি জমে আছে। ক্রেতারা বাধ্য হয়েই ময়লা পানি মাড়িয়ে মাছ কিনছেন। পথের দুই পাশে সবজি বিক্রেতারা বসেছেন। গাদাগাদি করে মানুষ চলাচল করছে। বাজার করতে আসা মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতা আলফু মিয়া বলেন, ‘বড় বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ নিত্যদিনের। বাজারে এলেই ময়লা পানিতে মাখামাখি। বাড়িতে গিয়ে জামাকাপড় ধুয়ে গোসল করতে হয়। আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ চাই।’
আরেক ক্রেতা মনিরুজ্জামান বলেন, বাজারের চলাচলের পথ সরু থাকার কারণে গাদাগাদি করে পণ্য কিনতে হয়। এখানে বাজার করা খুবই কষ্টকর।
মাছ ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ময়লা-আবর্জনা ও জলাবদ্ধতার কারণে এই বাজারে দিন দিন ক্রেতা কমে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুর্গন্ধে দোকানে বসা দায়।
সবজি ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, ‘আমরা চাঁদা তুলে বাজারের ময়লা–আবর্জনা পরিষ্কার করি। কিন্তু নালাগুলো ভরে থাকায় জলাবদ্ধতা দূর হয় না।’
এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন বড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি লাল মিয়া খলিফা। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে ক্রেতা-বিক্রেতার দুর্ভোগ কমবে।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ‘আগে যথাযথ পরিকল্পনায় নালাগুলো তৈরি করা হয়নি। তা ছাড়া পরিচ্ছন্নতাকর্মীরা সঠিকভাবে কাজ করছেন না। বড় বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়নে কাজ করা হবে।’