সাম্প্রতিক জঙ্গি হামলায় বিএনপি-জামায়াতের মদদ : হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের মদদেই সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা চালিয়ে সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ সোমবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সিলেটে বিভাগীয় সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলায় বিএনপি-জামায়াতের মদদ আছে। সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

হানিফ বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দেশি–বিদেশি ষড়যন্ত্র হয়েছে। এ নিয়ে মিথ্যা গল্প ফাঁদার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হাইকোর্ট সময় বেঁধে দিয়েছেন। আশা করি, তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন। অপকর্মের জন্য নিজেই ফেঁসেছেন। শাস্তি হবে, আইনেই ঊর্ধ্বে কেউ নন। তাঁর সাজা হলে নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। এটা তাঁর ব্যক্তিগত বিষয়, এখানে সরকারেরও কোনো হাত নেই।

সিলেটে ২২ মার্চ বিভাগীয় সম্মেলন। সিলেট বিভাগের চার জেলার তৃণমূলের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। ২০০১ সালের পর এই প্রথম বিভাগীয় সম্মেলন হতে যাচ্ছে।

আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে মাহবুব উল আলম হানিফের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় নেতারা ছিলেন।