সাংসদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

নরসিংদীর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোহাম্মদ নজরুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে বুধবার বিকেলে মামলা হয়েছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আদালতে মামলাটি করেন মোহাম্মদ মোস্তাক আহাম্মদ নামের এক ব্যক্তি।

মামলার অপর আসামি হলেন এস এম কাইয়ুম। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত)। মামলার বাদী মোস্তাক আহাম্মদ শহরের ভেলানগর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে ও শহর আওয়ামী লীগের একজন কর্মী।

বাদীপক্ষের আইনজীবী ওবায়দুল হক বলেন, নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি (নম্বর ৪৯০/২০২০) করেন মোস্তাক আহম্মদ। আদালতের বিচারক মোহা. রকিবুল ইসলাম মামলা আমলে নিয়ে আগামী ১২ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরীকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংসদ ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বীরপুর এলাকার সিএনজি স্ট্যান্ডে সমাবেশ করে সাংসদ নজরুল ইসলাম হিন্দু ধর্মের লোকজনের উদ্দেশে উসকানিমূলক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক গণভোজ ও দোয়া মাহফিল হয়। এ জন্য আগের রাতে ওই কার্যালয়ের সামনে তিনটি গরু ও দুটি খাসি জবাই করা হয়। গণভোজে মামলার বাদীসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিভিন্ন ধর্মের লোকজন অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বীরপুর এলাকার সিএনজি স্ট্যান্ডে সমাবেশ করে সাংসদ নজরুল ইসলাম হিন্দু ধর্মের লোকজনের উদ্দেশে উসকানিমূলক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন। হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন।

কাউকে দাবার ঘুঁটি বানিয়ে কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তা সবাই বুঝতে পারছে। অতএব এ নিয়ে আমি মোটেই দুশ্চিন্তাগ্রস্ত নই। যারা এটা করেছে, তাদেরই এ নিয়ে জবাবদিহি করতে হবে মানুষের কাছে, আদালতের কাছে।
মোহাম্মদ নজরুল ইসলাম, সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি, নরসিংদী

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘এলাকার হিন্দু-মুসলমান সবাই আমার চরিত্র ও মনোভাব সম্পর্কে ভালোভাবেই জানে। সাম্প্রদায়িক গন্ডগোল সৃষ্টি করে ফায়দা নেওয়ার লোক আমি নই। কাউকে দাবার ঘুঁটি বানিয়ে কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তা সবাই বুঝতে পারছে। অতএব এ নিয়ে আমি মোটেই দুশ্চিন্তাগ্রস্ত নই। যারা এটা করেছে, তাদেরই এ নিয়ে জবাবদিহি করতে হবে মানুষের কাছে, আদালতের কাছে।’

অপর আসামি এস এম কাইয়ুম বলেন, স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের রাস্তা পরিষ্কার করার জন্য এবং তাদের অন্যায়, অপকর্ম, সন্ত্রাস ও চাঁদাবাজি অব্যাহত রাখতেই সাংসদের মতো সৎ মানুষকে নিয়ে রাজনীতি হচ্ছে। এসব দুরভিসন্ধি বাস্তবায়নে এই মামলা একটি নীলনকশা।

সাংসদের অনুসারী কয়েকজন আওয়ামী লীগ নেতার ভাষ্য, সেদিনের সমাবেশে বিষয়টি নিয়ে প্রথম প্রতিবাদ করেছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক। তাঁদের বক্তব্যের জের ধরে পরবর্তী সময় সাংসদও ওই বিষয়ে কথা বলেন। তিনি বলেছিলেন, ‘শোক দিবস পালন করতে গিয়ে আমরা যেন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিই।’ তাই এই বিষয়টা এত দূর নিয়ে যাওয়া উচিত হয়নি।

তবে মামলার বাদী মোহাম্মদ মোস্তাক আহাম্মদ বলেন, এস এম কাইয়ুমের প্ররোচনায় নজরুল ইসলাম সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে নরসিংদীর শত বছরের হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট হতে পারে। এক ধর্মের লোকজনের প্রতি অন্য ধর্মের লোকজনের ভুল-বোঝাবুঝি হতে পারে। একজন সচেতন ব্যক্তি হয়ে তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এটা আওয়ামী লীগের অসাম্প্রদায়িক দেশ গড়ার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, মামলাসংক্রান্ত আদালতের কোনো কাগজপত্র তিনি এখনো হাতে পাননি। আদালতের নির্দেশ হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এরপরই বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।