জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাম্প্রদায়িক সহিংসতা ও উগ্রবাদের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ও বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
এ ছাড়া বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে একই উদ্দেশ্যে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি এ এ মামুন বলেন, ‘এমন নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া হোক, যাতে এমন করার সাহস আর কেউ না পায়।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, যারা আক্রান্ত হয়েছে তারা তো বটেই, যারা আক্রান্ত হয়নি তাদের মধ্যেও আতঙ্ক কাজ করছে। এটি আরও ভয়ংকর। ঘটনাগুলো বিশ্লেষণ করে দুটি বিষয় দেখা যাচ্ছে, এক. সাম্প্রদায়িকতা, দুই. সাম্প্রদায়িক সহিংসতা। নানা কারণে এ দেশে সাম্প্রদায়িকতা আছে। তবে মনে রাখতে হবে, ধর্মবিশ্বাস আর সাম্প্রদায়িকতা এক বিষয় নয়, সাম্প্রদায়িকতা সুবিধাবাদীদের হাতিয়ার।
আনু মুহাম্মদ আরও বলেন, এ সহিংসতায় শুধু সংখ্যালঘুরা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা দেশের মানুষ। কিন্তু একটা মহল সাম্প্রদায়িক সহিংসতায় লাভবান হচ্ছে। দেশ ও দেশের বাইরে তারা নিজেদের লাভ খুঁজে নিচ্ছে। তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িকতাকে উসকে দেয়। তাদের সম্পর্কে সাবধান হতে হবে।
শিক্ষক সমিতির সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম ও সাবেক প্রক্টর তপন কুমার সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য (প্রশাসন) আমির হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান ও অধ্যাপক আরিফা সুলতানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির প্রমুখ।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ করেছি, তারা বিশেষ কোনো গোষ্ঠীর ছিলাম না। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তাই কোনো বিশেষ গোষ্ঠী বেশি সুবিধা ভোগ করবে আর কেউ নিগৃহীত হবে—এমনটি হতে পারে না।
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মঞ্জুরুল হক ও সহ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম।
১৩ অক্টোবর শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তরপাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। এ ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা-ভাঙচুর চালানো হয়। এ ছাড়া রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।