সাম্প্রদায়িক সহিংসতার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুনহীতে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন সম্মিলিত সংস্কৃতিক জোটের নেতারা। মঙ্গলবার বিকেলে রাম ঠাকুরের আশ্রমের প্রধান ফটকে
ছবি: মাহবুবুর রহমান।

নোয়াখালীর বেগমগঞ্জে মন্দিরসহ সনাতন ধর্মাবলম্বীদের দোকানপাট ও বাড়িঘরে হামলা এবং এর জেরে দুজন নিহত হওয়ার ঘটনাসহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার বেগমগঞ্জের চৌমুহনীর ব্যাংক রোডের রাধা মাধব জিওর মন্দিরে হওয়া সম্প্রীতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তারা শুধু হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের নয়, বাঙালির ঐতিহ্যের সবকিছু ধ্বংস করে দিতে চায়। সুতরাং তাদের প্রতিহত করতে হবে।’ এ সময় তিনি সাম্প্রদায়িক হামলা থেকে রক্ষা করতে না পারায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে ক্ষমা চান।

আব্দুস কুদ্দুস বলেন, ‘আমরা সরকারের জেলা–উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েও কোনো প্রতিকার পাইনি। অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে। এ জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে।’

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদের নেতারা। মঙ্গলবার বিকেলে চৌমুহনী রাম ঠাকুরের আশ্রমে
ছবি: মাহবুবুর রহমান

সমাবেশে আরও বক্তব্য দেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধের সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাছির উদ্দিন ইউসুফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজিয়া মুসলিম, সাধারণ সম্পাদক মালেকা বানু, বাংলাদেশ পথনাটক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় কিশোর রায় প্রমুখ।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল ফারাহ।