সাম্প্রদায়িক হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দোষীদের বিচার হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে বুধবার আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান
ছবি: সংগৃহীত

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দোষীদের বিচার করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ বুধবার বেলা ১১টায় ঝালকাঠিতে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প অনুষ্ঠানটির আয়োজন করে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হতে পারে, তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে সাম্প্রদায়িক হামলা। স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের চিহ্নিত করেছে। দোষীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এই মামলা আইনের গতিতে চলবে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের বিচারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সরকার চায় যার যার ধর্ম, সে সে পালন করবে উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ধর্ম পালন করতে গিয়ে কোনো ধরনের হানাহানি–মারামারি করা যাবে না।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, উপসচিব ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।