সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে চাঁদপুরে একই সময় ১১৪টি স্থানে সম্প্রীতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে থানা–পুলিশ সম্প্রীতি সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) সোহেল মাহমুদ
প্রথম আলো

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে চাঁদপুর জেলার ৯০টি ইউনিয়ন ও ৭টি পৌরসভার ১১৪টি স্থানে একই সময় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সমাবেশ চলে। সারা দেশে বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। এসব সমাবেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারাসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।

চাঁদপুর শহরের পুরানবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জনগণকে নিয়ে এই সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

সারা দেশে বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ এসব কর্মসূচির আয়োজন করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সম্প্রীতির সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দীন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পুরানবাজার মধুসূদন উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ গণেশ চন্দ্র, জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর আহম্মেদ, পুরানবাজার জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল মাদানি প্রমুখ।

বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুরাণবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে চাঁদপুর সদর মডেল থানা–পুলিশ
প্রথম আলো

এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, তারই পরিপ্রেক্ষিতে এই সম্প্রীতির সমাবেশ আহ্বান করা হয়েছে। চাঁদপুরে আমরা ১১৪টি স্থানে এর আয়োজন করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে, এ জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

পুলিশ সুপার বলেন, ‘আমরা হাজীগঞ্জের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩০ জনকে চিহ্নিত করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানোর কারণে ৩ জনকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

এদিকে একই সময় হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজারে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে হাজিগঞ্জ থানা-পুলিশ সম্প্রীতি সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) সোহেল মাহমুদ। হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, শ্রীশ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সভাপতি দিলীপ কুমার সাহা, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মো. মনির, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন তরফদার প্রমুখ।