সারা রাত মাছ না পেয়ে ভোরে শেষবার জাল ফেলার পর উঠল ৩৫ কেজির বাগাড়

৩৫ কেজি ওজনের বাগাড় মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় কিনেন দৌলতদিয়া ফেরিঘাট মাছের আড়তের একজন ব্যবসায়ীছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ৩৫ কেজি ওজনের বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে পদ্মার বাহির চর দৌলতদিয়া এলাকার মোহনায় মাছটি ধরা পড়ে। এরপর সকালেই দৌলতদিয়া ঘাট মাছের আড়তে নিলামে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় মাছটি কেনেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল সোমবার দিবাগত রাতে সাইদ নামের এক জেলে ও তাঁর দল পদ্মা নদীতে মাছ শিকারে যান। রাত জেগেও কোনো মাছ না পাওয়ায় হতাশ হন তাঁরা। ভোর হলে বাড়িতে ফেরার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শেষবারের মতো নদীতে জাল ফেলেন তাঁরা। জাল গুটিয়ে নৌকায় তোলার সময় কয়েকবার ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় বাগাড় মাছটি। মাছটি সকালে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন মাছবাজারে। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী সোহেল মোল্লা প্রথম আলোকে বলেন, মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। উৎসুক অনেকেই মাছটি দেখতে ফেরিঘাটে ভিড় করেন। তিনি আরও বলেন, ‘অনেক দিন পর পদ্মা নদীতে এত বড় একটি বাগাড় মাছ পাওয়া গেছে। এতে জেলেরা যেমন খুশি হয়েছেন, আমরাও খুশি হয়েছি। মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে হলে বিক্রি করব। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করছি।’

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বহুদিন ধরে পদ্মা নদীতে বড় কোনো মাছ ধরা পড়ছিল না। তবে অনেক দিন পর বড় একটি বাগাড় মাছ পাওয়ায় ভালো লাগছে। ভবিষ্যতে আরও বড় মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।