সারিয়াকান্দি আ.লীগে সভাপতির পদ হারালেন সাংসদ সাহাদারা
টানা ৯ বছর পরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ হারালেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ সাহাদারা মান্নান। তিনি দলের প্রয়াত সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের স্ত্রী। আজ বুধবার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমকে সভাপতি ও আবদুল খালেককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য সৈয়দ আবদুল আউয়াল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ম. আবদুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এস এম কামাল হোসেন বলেন, ‘২০০৪ সালে বিএনপি র্যাব গঠন করেছিল। এখন তারাই র্যাবের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার ও বদনাম ছড়াচ্ছে। বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংককে নিরুৎসাহিত করেছিলেন। বিএনপির শাসনামলে দেশে জঙ্গিবাদের আস্তানা গড়ে উঠেছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দেশ। বিএনপি কখনো দেশের ভালো চায়নি। তারা সব সময় দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে নস্যাৎ করতে চায়। আর যারা দেশের উন্নয়ন চায় না, তাদের কখনো রাজপথে নামতে দেওয়া হবে না।’
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুহম্মদ মুনজিল আলী সরকার ও তৎকালীন সাংসদ আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালাম ও সারিয়াকান্দি পৌরসভার সাবেক মেয়র আলমগীর শাহী। সম্মেলনে প্রয়াত সাংসদ আবদুল মান্নানের চাপে সাহাদারা মান্নানকে সভাপতি ও আলমগীর শাহীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
২০১৫ সালে সারিয়াকান্দি পৌর নির্বাচনে আলমগীর শাহী মেয়র হন। এরপর সাহাদারা মান্নানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এর জেরে ২০১৭ সালের ২৬ আগস্ট সাধারণ সম্পাদকের পদ থেকে আলমগীর শাহীকে অব্যাহতির সুপারিশ করে জেলায় চিঠি পাঠায় উপজেলা আওয়ামী লীগ। সাংসদ আবদুল মান্নানের মৃত্যুর পর এ আসনে তাঁর স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান সাংসদ নির্বাচিত হন। এরপর আলমগীর শাহীর সঙ্গে সাংসদের বিরোধ আরও বেড়ে যায়। এর জেরে ২০২১ সালের সর্বশেষ সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আলমগীর শাহীকে বাদ দিয়ে মেয়র পদে মনোনয়ন দিতে সাহাদারা মান্নানের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগ সাতজনের নাম সুপারিশ করে। এরপরও কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে পৌর নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নামের যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে আলমগীর শাহীর নাম ছিল। তবে সাংসদের বিরোধিতায় মনোনয়ন হারান আলমগীর শাহী। রাতে প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও, সকালে দলীয় মনোনয়নের চিঠি পান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক মতিউর রহমান। তিনি নির্বাচনে মেয়র নির্বাচিত হন।
আলমগীর শাহীর সঙ্গে বিরোধ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের একাংশের সঙ্গে সাংসদ সাহাদারা মান্নানের বিরোধ প্রকাশ্যে আসে। গত বছর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাল্লাপাল্টি দলীয় কর্মসূচি পালন করা হয়। সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন ইউনিয়ন কমিটি পুনর্গঠনের নামে ‘পকেট কমিটি’ ও সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে সাংসদের বিরুদ্ধে। দলীয় অন্তঃকোন্দলের প্রভাব পড়ে সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার ১১টি ইউপির মধ্যে সাতটিতেই হেরে যান নৌকার প্রার্থীরা। জামানত হারাতে হয়েছে একাধিক ইউপিতে। এ নির্বাচনে কয়েকটি ইউপিতে সাংসদের বিরুদ্ধে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগ রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এসব অন্তঃকোন্দলের মধ্যেই বুধবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবার সভাপতি পদপ্রত্যাশী ছিলেন সাংসদ সাহাদারা মান্নান। কেন্দ্রীয় নেতারা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমকে সভাপতি ঘোষণা করেন। তবে সাংসদের অনুসারী হিসেবে পরিচিত আবদুল খালেককে সাধারণ সম্পাদক করা হয়।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, যমুনাপাড়ের জনপদ সারিয়াকান্দির মাটি, নৌকার ঘাঁটি। সেখানে এত দিন দলকে কুক্ষিগত করে রাখার চেষ্টা হয়েছে। তবে বুধবারের সম্মেলনে যে নেতৃত্ব ঘোষণা করা হয়েছে, তাতে তৃণমূলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
তবে এ বিষয়ে মুঠোফোনে সাংসদ সাহাদারা মান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।