বগুড়ার সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর তাঁকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে এক ইউপি সদস্য রয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জোড়গাছা গ্রামে আসামি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছিনতাই করা আসামিকে পুনরায় গ্রেপ্তারে সক্ষম হয়েছে। সেই সঙ্গে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানে জড়িত থাকার দায়ে ইউপি সদস্যসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোড়গাছার ইউপি সদস্য সোহেল রানা ওরফে হামিদ, জোড়গাছা গ্রামের আবদুর রাজ্জাক (৬৫), জোড়গাছা পশ্চিমপাড়ার ওমর আলী (৪৫), জোড়গাছা নতুনপাড়ার সাফি আলম (৩৫) ও সোহেল রানা (৩৮)।
পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার রাজ্জাককে ছিনিয়ে নেন তাঁরা। এ সময় অভিযানে যাওয়া পুলিশের দলকে অবরুদ্ধ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোড়গাছা গ্রামের আবদুর রাজ্জাককে সম্প্রতি একটি মামলায় ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামি পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল সন্ধ্যায় একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) নেতৃত্বে থানা-পুলিশের একটি দল পরোয়ানাভুক্ত আবদুর রাজ্জাককে গ্রেপ্তারে জোড়গাছা বাজারে যায়। পুলিশ পলাতক আবদুর রাজ্জাককে ধরতে সক্ষম হয়। এ সময় রাজ্জাককে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে কয়েকজন পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার রাজ্জাককে ছিনিয়ে নেন তাঁরা। এ সময় অভিযানে যাওয়া পুলিশের দলকে অবরুদ্ধ করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। রাত ১১টার দিকে সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আবদুর রাজ্জাক ছাড়াও পুলিশের ওপর হামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে ১১ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
ওসি বলেন, পুলিশের ওপর হামলা মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।