সারিয়াকান্দিতে প্রতিবন্ধী তরুণীর পরিবারের খোঁজ করছে প্রশাসন
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর তীরবর্তী বাজারে পাওয়া প্রতিবন্ধী এক তরুণীকে নিয়ে বিপাকে পড়েছে উপজেলা প্রশাসন। আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীকে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজার থেকে উদ্ধার করা হয়।
পরে উপজেলা প্রশাসন তাঁকে চন্দনবাইশা ইউনিয়ন আনসারের অধিনায়ক মিলন মিয়ার হেফাজতে দেয়। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় তিন দিনেও মেয়েটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর অভিভাবকেরও কোনো সন্ধান মেলেনি। এখন ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের পুনর্বাসনে স্থাপিত সরকারি আশ্রয়কেন্দ্রে তাঁকে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।
জানতে চাইলে আনসারের অধিনায়ক মিলন মিয়া প্রথম আলোকে বলেন, ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে যমুনা নদীর তীরবর্তী কড়িতলা বাজারে ঘোরাফেরা করছিলেন। বাজারের লোকজন তাঁকে ঠিকানা জিজ্ঞাসা করলে ঘুরেফিরে শুধু “উত্তরা” বলতে থাকেন তিনি। এ সময় দুজন অচেনা যুবক মেয়েটিকে নিজেদের প্রতিবেশী পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তাঁরা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ছবি তুলতে চাইলে তাঁরা কৌশলে পালিয়ে যান। চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেওয়া হলে সেখানে নারী পুলিশ না থাকায় তেমন সাড়া মেলেনি।
মিলন মিয়া বলেন, ‘পরে বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েটিকে আমার জিম্মায় দেন। সালোয়ার-কামিজ পরা মেয়েটি একেক সময় নিজের একেক নাম বলছে।’
ইউএনও মো. রাসেল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হলেও স্মার্টফোন চালাতে পারে। তবে পরিবারের কারও ফোন নম্বর বলতে পারছে না। মেয়েটির অভিভাবকের কোনো সন্ধান না পেয়ে বাধ্য হয়ে রাজধানীর মিরপুরে সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেখানে পাঠানোর আগে করোনা পরীক্ষার প্রতিবেদন লাগবে। এ জন্য শনিবার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তাঁকে ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে।
উপযুক্ত প্রমাণসহ প্রতিবন্ধী মেয়েটির সন্ধান নিতে তাঁর অভিভাবকদের সারিয়াকান্দির সরকারি মুঠোফোনে (০১৭৩৩৩৩৫৪৩১) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ইউএনও।