সারিয়াকান্দিতে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চিকিৎসা নিতে যাওয়ার পথে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চায়না বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের যাত্রী ছিলেন।
এ ঘটনায় মোটরসাইকেলচালক সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামও আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের দেবডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য জাহিদুল মোটরসাইকেলে করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে বসেছিলেন তাঁর স্ত্রী চায়না বেগম। দেবডাঙা মোড়ে কয়েকটি কুকুর দল বেঁধে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে চায়না বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুরুল হুদা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।