সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার দাবি চিকিৎসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টা প্যাথলজি বিভাগ খোলা রাখা, রোগী ভর্তির সঙ্গে সঙ্গে বিনা মূল্যে ওষুধ সরবরাহ করার দাবি জানিয়েছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষানবিশ চিকিৎসকেরা প্রতিদিন বেলা দুইটা পর্যন্ত কাজ করার ঘোষণা দিয়েছেন।

গতকাল দুপুরে শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি নিয়ে হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে কিছু দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গিয়ে ওই সব দাবি তুলে ধরেন।

শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলো হলো, হাসপাতালে রোগী ভর্তির সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বিনা মূল্যে ওষুধ সরবরাহ করতে হবে। শুক্রবারসহ বন্ধের দিনগুলোতে হাসপাতালের প্যাথলজি বিভাগ খোলা রাখতে হবে। ব্লাডব্যাংক, রেডিওলজি বিভাগ এবং এক্স-রের হিসাব দিতে হবে। রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে একজন জ্যেষ্ঠ চিকিৎসক রাখতে হবে। প্রতি মাসে সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্টে রোগীদের জন্য বিনা মূল্যে ১০০টি ব্লাড ব্যাগ পাঠাতে হবে। রাতে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছিম উদ্দিন বলেন, ‘অনেক দাবির মধ্যে দুটি দাবি প্রধান। এক হচ্ছে ২৪ ঘণ্টা প্যাথলজি বিভাগ খোলা রাখা ও মানোন্নয়ন করা। দ্বিতীয়ত, সরকারি ওষুধ রোগীদের সরবরাহ করা। একটি হাসপাতালে মাত্র বেলা দুইটার পর আর বড় ডাক্তার এবং প্যাথলজি বিভাগের কর্মীরা থাকবে না, সেটা হতে পারে না। তাহলে তো আমরাও দুইটা পর্যন্ত কাজ করতে পারি। কিন্তু আমরা রোগীর অসুবিধা হয়—এমন কাজ করতে চাই না। তবে ভেতরে ভেতরে চাপ দিয়ে দাবি আদায় করে নেব। আপাতত বেলা দুইটা পর্যন্ত কাজ করার সিদ্ধান্ত হয়েছে। রোববার (আজ) দাবি পূরণ হচ্ছে—এমন অবস্থা দেখলে আমরা আরও সহযোগী হয়ে কাজ শুরু করব।’

হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকেরা যে দাবিগুলো করেছেন, জনবলসংকটের কারণে অনেক দাবি পূরণ করা কষ্টকর। তারপরও গতকাল হাসপাতালের সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক করেছি। প্রথম ধাপে ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং রাত ১০টা পর্যন্ত প্যাথলজি বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আস্তে আস্তে অন্য দাবি পূরণে উদ্যোগ নেওয়া হবে।’