সালথা উপজেলা পরিষদে হামলার এক বছর, মেরামত করা হয়েছে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালথা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন
ছবি: প্রথম আলো

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ক্ষুব্ধ জনতার হামলার ঘটনার এক বছর হয়েছে। ওই দিনের চালানো তাণ্ডবের বেশির ভাগ অংশই মেরামত করা হয়েছে। চুনকাম করা হয়েছে ভবনগুলো। ভাঙা কাচ সরিয়ে নতুন কাচ বসানো হয়েছে।

তবে এক বছর পর এখনো ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে উপজেলা কমপ্লেক্সের গ্যারেজে পড়ে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পুড়ে যাওয়া দুটি গাড়ি। পুড়িয়ে দেওয়া দুটি গাড়িই এক বছর আগে সালথা উপজেলা কমপ্লেক্সে হামলার প্রতীক হয়ে উঠেছিল।

গত বছরের ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে লকডাউনের কার্যকারিতা রক্ষা করতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খানের গাড়ি থেকে নেমে কয়েকজন ব্যক্তি বাজারে উপস্থিত কয়েকজনকে লাঠিপেটা করে। এর জেরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলা চালায়।

এ ঘটনায় পরে মোট ৮টি মামলা হয়। এর মধ্যে ২টি মামলার বাদী পুলিশ, যার একটি ডিজিটাল নিরাপত্তা আইনে। ফেসবুকে উসকানিমূলক বক্তব্য প্রচার করে, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে এ ধ্বংসযজ্ঞে প্ররোচিত করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনূর রহমান বলেন, ওই ঘটনার পর ৮টি মামলার এজাহারে মোট আসামি আছেন ৩৮১ জন। এসব মামলায় এখন পর্যন্ত ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে উপজেলা কমপ্লেক্সের গ্যারেজে পড়ে আছে পুড়ে যাওয়া দুটি গাড়ি
ছবি: প্রথম আলো

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলাটির তদন্ত শেষ করে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগপত্রে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের নামে ‘দোষীপত্র’ দেওয়া হয়েছে। বাকি সাতটি মামলার এখনো তদন্ত চলছে।

জানতে চাইলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই সাত মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মামলাগুলোর অভিযোগপত্র দ্রুতই আদালতে জমা দেওয়া হবে।

সালথা থানার ওসির যত কাণ্ড

এদিকে মামলাগুলোর তদন্তের সময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে জিম্মি করে মামলা ও রিমান্ডে নির্যাতনের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।

২০২১ সালের ১ এপ্রিল মো. আশিকুজ্জামান সালথা থানার ওসি হিসেবে যোগ দেন। এর চার দিন পরেই উপজেলা কমপ্লেক্স ভবনে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলাগুলোকে পুঁজি করে মানুষকে জিম্মি করে ফেলেন ওসি আশিকুজ্জামান। চুরি-ছিনতাই, পারিবারিক কলহ, জমিসংক্রান্ত বিবাদ, মারামারিসহ যেকোনো অভিযোগে কেউ থানা-পুলিশের হাতে আটক হলেই তাঁদের ওই মামলাগুলোয় ফাঁসানোর ভয় দেখানো হতো। ওসি মানুষকে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন বলে অভিযোগ আছে।

চাঁদার টাকা না দেওয়ায় গত ১৪ মার্চ উপজেলার ভাবুকদিয়া গ্রামের জিহাদ নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে এনে থানায় আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ব্যাপারে পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

গত ২৭ মার্চ জেলার ৬ নম্বর আমলি আদালতে ওসি আশিকুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও মারপিটের অভিযোগে জিহাদের ভাই ও নগরকান্দা গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মুরাদ মোল্লা বাদী হয়ে একটির মামলা করেছেন। ওই মামলায় ওসির সঙ্গে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নানকেও আসামি করা হয়।

আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। এ পরিস্থিতিতে ১ এপ্রিল রাতে ওসি আশিকুজ্জামানকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে বদলি করা হয়। তাঁকে ৯ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বলে জানা গেছে।

আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ নেতা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কিংবা ইউপি চেয়ারম্যান—কাউকেই তিনি ছাড় দেননি বলে দাবি করেন। এ কারণে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাঁদাবাজি, মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে।

আশিকুজ্জামান আরও বলেন, ‘আমি ৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব না। আজ-কালের মধ্যেই সালথা ত্যাগ করে চলে যাব। তবে যাওয়ার আগে এসব অপবাদ মাথায় করে নিয়ে যেতে হচ্ছে, এটিই আমার জন্য কষ্টকর।’

আরও পড়ুন