সালথায় চালককে শ্বাসরোধে হত্যার পর রিকশাভ্যান ছিনতাই
ফরিদপুরের সালথায় চালককে শ্বাসরোধে হত্যার পর রিকশাভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আটঘর-জয়কাইল সড়কের পাশের একটি খাদ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম লুৎফর ফকির (৪০)। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের হোসেন ফকিরের ছেলে। লুৎফর বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলের বাবা।
নিহতের স্ত্রী হনুফা বেগম (৩০) বলেন, লুৎফর পক্ষাঘাতগ্রস্ত হয়ে অসুস্থ ছিলেন। সাত মাস আগে ১৭ হাজার টাকায় তিনি পুরোনো একটি রিকশাভ্যান কেনেন। ভ্যানটি নিয়ে তিনি আটঘর থেকে জয়কাইল বাজারে আসা-যাওয়া করতেন।
সোমবার রিকশাভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতেও লুৎফর না ফেরায় আশপাশে খোঁজ করা হয়। পরে মঙ্গলবার সকালে সড়কের পাশে লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তবে রিকশাভ্যানটি পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, লুৎফরকে গলায় পাট দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা কারা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।