সালথায় নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৫
ফরিদপুরের সালথায় নির্বাচনী সহিংসতায় মারিজ সিকদার (৩৫) নামের একজনের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার রাতে মামলা হয়েছে। ওই মামলায় ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মারিজের প্রতিবেশী মজনু মোল্লা বলেন, মারিজ একজন গরিব কৃষক। সংসারে তিনিই একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি ছিলেন। মারিজের লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে দাফন করা হবে।
নিহত মারিজের স্ত্রী জুঁই বেগম বলেন, ‘আমার স্বামীকে যাঁরা হত্যা করেছেন, আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আমার মেয়েকে নিয়ে কীভাবে বাঁচব, বুঝে উঠতে পারছি না।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, সালথায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মারিজ নিহতের ঘটনায় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে গতকাল রাতে নতুন করে আর সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এদিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা বলেন, পুলিশ গতকাল বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত আটটি কাঁদানে গ্যাসের সেল ও শর্টগানের ৩৬টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় ১৫ জনকে আটক করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা হতে পারে বলে তিনি জানান।
গতকাল যদুনন্দী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রব ও বিদ্রোহী প্রার্থী রফিক মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে রফিকের সমর্থক মারিজ নিহত হন। আহত হন ২০ জন।