সালথায় সংঘর্ষে আহতের ২০ দিন পর মৃত্যু, প্রতিবাদে বাড়িঘরে হামলা
ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মোল্লা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর পর সালথায় গ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আসাদ মোল্লা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের মো. হাসেম মোল্যার ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
৫ মে সকালে খারদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন সিরাজুল ইসলাম (২৫)। তিনি খারদিয়া ঠাকুরপাড়া গ্রামের মো. ইশারত মোল্লার ছেলে। ওই সংঘর্ষে আহত হন আসাদ মোল্লা। ২০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যান তিনি।
এদিকে আসাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার রাতে যদুনন্দীর ছয় আনি ও ঠাকুরপাড়া গ্রামের ৮–১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান খারদিয়া গ্রাম পরিদর্শন করেন। তিনি নিহত ব্যক্তিদের বাড়িসহ ভাঙচুর হওয়া বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।
উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খারদিয়া গ্রামের বাসিন্দা যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্লা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সমর্থকদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। গত ইউপি নির্বাচনের (গত বছরের ১১ নভেম্বর) আগে সংঘর্ষে নিহত হন রফিকের এক সমর্থক মারিজ সিকদার। এরই ধারাবাহিকতায় ৫ মে হামলা করে হত্যা করা হয় আলমগীরের সমর্থক সিরাজুল ইসলামকে। ওই হামলায় আসাদ মোল্লাসহ আরও কয়েকজন আহত হন।
ইউপি চেয়ারম্যান রফিক মোল্লার পক্ষের নেতা জাহিদ মিয়া দাবি করে বলেন, সংঘর্ষে আহত হয়ে মৃত্যু হওয়া আসাদ তাঁদের দলের সক্রিয় সমর্থক।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সমর্থক সাবেক ইউপি সদস্য ইমরুল খাঁ বলেন, আসাদ ছিলেন তাঁদের দলের সমর্থক। ঘটনার দিন সংঘর্ষে তিনি আহত হওয়ার পর তাঁকে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা–সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, আসাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর খারদিয়া গ্রামে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাতভর অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করা হয়। তিনি বলেন, ঢাকায় ময়নাতদন্ত শেষে আসাদের মৃতদেহ বাড়িতে দাফন করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।