সালিসে সবার সামনে কুপিয়ে ও ছুরি মেরে একজনকে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সালিসের মধ্যে প্রতিপক্ষের কোপ ও ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর পরিবারের অপর তিন সদস্য। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বদন (৪০)। তিনি বদরখালী ইউনিয়নের ঠুটিয়াপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
সালিসে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, জমিসংক্রান্ত বিরোধ মেটাতে আজ বদরখালী সমবায় সমিতি কার্যালয়ে সালিস বসে। সালিসে মোহাম্মদ বদন, তাঁর ভাই ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সালিসের একপর্যায়ে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মোহাম্মদ ছোটন, মোহাম্মদ সাগর ও মোহাম্মদ রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলা করেন। তাঁদের এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে মোহাম্মদ বদন মারা যান। এতে আহত হয়েছেন তাঁর অপর তিন ভাই।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।