সাড়ে চার মাসেও মেরামত হয়নি ডিজিটাল এক্স-রে যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল
ফাইল ছবি

২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডিজিটাল এক্স-রে যন্ত্রটি সাড়ে চার মাস ধরে বিকল। হাসপাতালে আসা রোগীদের তিন থেকে চার গুণ বেশি টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করাতে হয়। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এদিকে প্রতি মাসে কয়েক লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মাঝামাঝি ডিজিটাল ৫০০ এমএম এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান হাসপাতালে এই এক্স-রে যন্ত্রটি স্থাপন করে। চালুর পর দুই থেকে তিনবার যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। পরে তা মেরামতও করা হয়। গত ৩০ মার্চ যন্ত্রটির ফিল্ম প্রিন্ট করার অংশে সমস্যা দেখা দেয়। এই অংশের মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। বেঙ্গল সায়েন্টিফিকের প্রকৌশলীরা এসে এটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু এর যন্ত্রাংশ বাংলাদেশে নেই বলে মেরামত সম্ভব নয় বলে জানায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি মেরামতের ওয়ারেন্টির সময় শেষ হয়ে গেছে বলেও ওই প্রতিষ্ঠান হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ দুই থেকে তিনবার প্রকৌশলীদের দিয়ে মেরামতের চেষ্টা করলেও এক্স-রে যন্ত্রটি সচল হয়নি।
হাসপাতালের তৃতীয় তলার ৩১০ নম্বর কক্ষে এক্স-রে পরীক্ষার রসিদ কাটতে হয়। সেখানে বেশ কয়েকজন রোগীকে ডিজিটাল এক্স-রে পরীক্ষা করাতে রসিদ নিতে যান। মেশিন বিকল জানাল হলে রোগীরা হাসপাতালের বাইরে চলে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন হাসপাতালে ৭০-৮০টি ডিজিটাল এক্স-রে পরীক্ষা হতো। সিঙ্গেল এক্স-রে পরীক্ষা ২০০ টাকা এবং ডাবল এক্স-রে পরীক্ষা ৪০০ টাকা। এভাবে প্রতি মাসে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি কোষাগারে কয়েক লাখ টাকা জমা দিত। কিন্তু সাড়ে চার মাস ধরে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে পড়ায় সরকারি কোষাগারে কোনো অর্থ জমা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর দূরপ্রান্ত থেকে আসা গ্রামের সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের নারী ও পুরুষ কাউন্টার দুটিতে তখন পর্যন্ত বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে ৩৩০ জন রোগী চিকিৎসা নেওয়ার জন্য টিকিট কেটেছেন। তাঁদের অনেককেই চিকিৎসক ডিজিটাল এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।

কলেজপাড়ার এ কে এম মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চেয়ার থেকে পড়ে আমার ছোট বোনের মাথার পেছনের অংশ কেটে যায়। ব্যবস্থাপত্রে চিকিৎসক শুধু মাথার পেছনের অংশের ডিজিটাল এক্স-রে করানোর কথা লিখেছেন। শহরের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে এক হাজার টাকা দিয়ে তাঁর এক্স-রে করেছি। অথচ সরকারি হাসপাতালে একই পরীক্ষার ফি ২০০ টাকা।’

জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাহ উদ্দিন খান বলেন, ‘অটোরিকশা থেকে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছি। চিকিৎসক এক্স-রে করাতে বলেছেন। কিন্তু এখানে এক্স-রে করার সুযোগ নেই। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে।’

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের বাসিন্দা উত্তম সরকার বলেন, পিঠে ব্যথার জন্য চিকিৎসক তাঁকে এক্স-রে করাতে বলেছেন। হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিন নষ্ট থাকায় শহরের হাসপাতাল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে ১ হাজার ৬০০ টাকা দিয়ে এক্স-রে করিয়েছেন। অথচ সরকারি হাসপাতালের ডিজিটাল মেশিনে এই এক্স-রে পরীক্ষার মূল্য ৪০০ টাকা। আর ডিজিটাল ছাড়া একই এক্স-রে করাতে ৭০ থেকে ৮০ টাকার মতো খরচ হয়।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির প্রকৌশলী বলেছেন, বিকল যন্ত্রটির যন্ত্রাংশ মেরামতের ওয়ারেন্টির সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু গত মাসে স্বাস্থ্য বিভাগ এক চিঠির পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে যে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মেরামতের সময়সীমা রয়েছে। যোগাযোগ করলে এক্স-রে যন্ত্র মেরামত করে দেবে বলে ওই প্রতিষ্ঠান জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যে কোম্পানি এটি দিয়েছিল, ওই কোম্পানি আর ব্যবসা করে না। তারপরও তারা বিধিনিষেধের পর এসে মেরামত করে দেবে বলে জানিয়েছিল। তাদের সঙ্গে আবার যোগাযোগ করব। তবে তারা যদি না আসে, তাহলে ডিসেম্বরের আগে মেরামত সম্ভব না। কারণ, আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে।’