সাড়ে তিন বছরেও সরানো হয়নি পিলার ও মাটি

নেত্রকোনা শহরে মগড়া সেতু নির্মাণের সময় বিকল্প পথ তৈরির জন্য নদীতে মাটির বাঁধ ও ইটের পিলার দেওয়া হয়েছিল। কিন্তু এখনো সেগুলো সরানো হয়নিপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীতে সেতু নির্মাণের সময় চলাচলের জন্য সাময়িকভাবে দুটি বেইলি সেতু নির্মাণ করে দেওয়া হয়। কাজ শেষে মূল সেতুটি ২০১৮ সালে উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু বেইলি সেতুর জন্য নদীতে যে মাটির বাঁধ ও ইটের চারটি পিলার করা হয়েছিল, তা এখনো অপসারণ করা হয়নি। ফলে মোক্তারপাড়া এলাকায় নদীটি সংকুচিত হয়ে গেছে।

স্থানীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের সদস্যরা বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় নানা সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। সংশ্লিষ্ট মহলে স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু মাটি ও পিলার সরাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেত্রকোনা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকা সেতুটির দৈর্ঘ্য ৭২ দশমিক ৬ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ের কাজটি পায় মেসার্স রিজভি কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ২০১৬ সালে সেতুর দুই পাশে বিকল্প পথে বেইলি সেতু তৈরি করে দেওয়া হয়। কাজ শেষ হওয়ার পর ২০১৮ সালের আগস্টে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের সময় চলাচলের বিকল্প পথ তৈরি করার জন্য যেসব উপকরণ নিয়ে আসা হয়েছিল, তা সম্পূর্ণভাবে এখনো সরানো হয়নি। বেইলি সেতুর চারটি পিলারের একটিও ভাঙা হয়নি। ফলে মোক্তারপাড়া এলাকায় নদীটা বেশ খানিকটা সংকুচিত হয়ে গেছে।

জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, নেকে নদীর দুই পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছেন। দেড় বছর আগে প্রশাসনের উদ্যোগে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ করা হয়। কিন্তু হঠাৎ করে তা বন্ধ হয়ে যায়। একসময়ের প্রাণচঞ্চল এই মগড়া নদী এখন দখল-দূষণে অতিষ্ঠ।’

রিজভি কনস্ট্রাকশনের মালিক হোসাইন আহম্মেদ বলেন, বিকল্প পথ তৈরির অবশিষ্ট উপকরণগুলো দ্রুত সরানো হবে।

সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম বলেন, ঠিকাদারকে এক মাসের মধ্যে সবকিছু সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।