সাড়ে পাঁচ মাস পর নেত্রকোনায় করোনা শনাক্তহীন দিন
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর করোনা শনাক্তহীন দিন পার করল নেত্রকোনা। গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি। জেলায় এমন ঘটনা সবশেষ ঘটে গত ১ মে। আর ২১ সেপ্টেম্বর থেকে জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
নেত্রকোনা সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়ার কাছ থেকে এসব তথ্য জানা গেছে। সেলিম মিয়া জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয় ৩৪ জনের। তাঁদের মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।
জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৬২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৮৪ জনের। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন। মারা গেছেন ১২৪ জন। সবশেষ ২১ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে আটপাড়া উপজেলার পুখলগাঁও এলাকায় এক যুবকের মৃত্যু হয়।
জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, এটা অবশ্যই স্বস্তির খবর। সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে, পরিস্থিতির আরও উন্নতি হবে। মানুষকে টিকা নিতেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া বলেন, প্রায় তিন সপ্তাহ ধরে জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমছে। আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি আছে। তবে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।