সাড়ে ১০ বছর পর ভোট গ্রহণ হবে জুঁইদণ্ডী ইউনিয়নে
দীর্ঘ সাড়ে ১০ বছর পর চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার নির্বাচন কমিশন (ইসি) ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সেখানে এই ইউনিয়নের নাম রয়েছে।
এর আগে সীমানা বিরোধ নিয়ে মামলাসংক্রান্ত জটিলতায় আটকে ছিল এই ইউনিয়নের জনপ্রতিনিধি নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী বছরের ৩১ জানুয়ারি ইউনিয়নটিতে ভোট গ্রহণ হওয়ার কথা।
সর্বশেষ ২০১১ সালের ৫ জুলাই ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার তফসিল ঘোষণার পর থেকে স্থানীয় লোকজন ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকে ফেসবুকে লিখে আনন্দ প্রকাশ করেছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০২২ সালের ৩ জানুয়ারি। ১৩ জানুয়ারি প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ১৪ ও ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের মাত্র এক দিন আগে আদালত নিষেধাজ্ঞা দিলে জুঁইদণ্ডীতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী ওই সময় সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। গত ৯ নভেম্বর মামলা খারিজ করে নতুন তফসিলে নির্বাচনের রায় ঘোষণা করেন উচ্চ আদালত।