সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাতে নাকাল কুমিল্লা নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণে কুমিল্লা জেনারেল হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায়
ছবি: এম সাদেক কুমিল্লা

কুমিল্লা নগরে সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে বাসাবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা, কারখানা ও হাসপাতাল। কোথাও হাঁটুপানি, কোথার আবার কোমরপানি জমেছে। এরই মধ্যে ক্ষণে ক্ষণে বজ্রপাতের আওয়াজ নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। রোববার রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এমন পরিস্থিতি সৃষ্টি হয়। আজ সোমবার বিকেল পর্যন্ত অনেক স্থানে জলাবদ্ধতা কাটেনি।
সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, উন্নয়নকাজের কারণে পানি নামার বিভিন্ন পথ বন্ধ থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে রোববার রাতে কুমিল্লা নগরের জেনারেল হাসপাতালের বিভিন্ন কক্ষে পানি দেখা যায়। বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় পানি চোখে পড়ে। কুমিল্লা ক্লাব, কুমিল্লা টাউন হল মাঠ পানিতে থই থই করছিল। সোমবার দুপুর ১২টা পর্যন্ত রোগী ও স্বজনদের কুমিল্লা জেনারেল হাসপাতালে পানি মাড়িয়ে হাসপাতালে যেতে দেখা যায়।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, হাসপাতালে পানি ঢুকে একাকার। জলাবদ্ধতার মধ্যে আছেন তাঁরা।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, রোববার রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে। সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সপ্তাহে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

নগরের বিভিন্ন স্থানে উন্নয়নকাজ হচ্ছে বলে জানালেন সিটি মেয়র মো. মনিরুল হক। তিনি বলেন, টমছম ব্রিজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের চার লেনের কাজ হচ্ছে। ওই এলাকায় খালের পানি নামার পথ রুদ্ধ হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।