সিংড়ায় চেয়ারম্যান পদে আ.লীগ মনোনয়নপ্রত্যাশীর মোটরসাইকেলবহরে হামলা
নাটোরের সিংড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার চালানোর সময় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মুকুল হায়দারের মোটরসাইকেলবহরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাখালগাছা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে মুকুল হায়দারসহ তাঁর পাঁচ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহত মুকুল হায়দার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি।
প্রত্যক্ষদর্শী ও সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় সিংড়ার তাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মুকুল হায়দার শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। তাঁর মোটরসাইকেলবহর রাখালগাছা বাজারে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একদল যুবক রড ও পাইপ নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় মুকুল হায়দারসহ তাঁর পাঁচ সমর্থক আহত হন। আহত মুকুল হায়দারকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলেন সাগর মোল্লা, মামুন সরদার, মোস্তাফিজুর রহমান ও আপেল কাজী।
আহত সাগর মোল্লা বলেন, ‘নির্বাচনী প্রচারণার একপর্যায়ে রাখালগাছা বাজারে এলে মিনহাজ চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর সহযোগীরা রড ও পাইপ নিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’
মুঠোফোনে মুকুল হায়দারের স্ত্রী নাজমুন নাহার বলেন, স্বামীর চিকিৎসার জন্য তাঁরা সবাই রাজশাহীতে অবস্থান করছেন। চিকিৎসা শেষে সিংড়ায় ফিরে এসে মামলা করবেন।
অভিযোগের বিষয়ে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, ‘মুকুল হায়দার বহিরাগত লোকজন নিয়ে অফিসের সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় আমার সমর্থকদের সঙ্গে তাঁদের হাতাহাতি হলে মুকুল হায়দারের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে মোটরসাইকেল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।’
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।