সিংড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, সঙ্গে ছিল চিরকুট
নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম আলম হোসেন (২৭)। পুলিশ জানিয়েছে, তাঁর লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
সিংড়া থানা-পুলিশ ও নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে আলম হোসেন একাই তাঁর কক্ষে ঘুমাতে যান। আজ সকালে তিনি দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পান। সেখানে আলম হোসেনের মৃত্যুর কারণ লেখা আছে।
লাশের পাশ থেকে উদ্ধার করা ওই চিরকুটে লেখা ছিল, সম্প্রতি আলম হোসেন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে প্রথমে তাঁর ২০ হাজার টাকা হারিয়ে যায়। পরে আরও ২০ হাজার টাকা ছিনতাই হয়। নিরূপায় হয়ে তিনি ভাইয়ের কাছ থেকে বিকাশে দুই হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফেরেন। বাড়িতে এসে ধার পরিশোধ করার জন্য তিনি নিজের মুঠোফোনটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করেন। এ টাকাও ঘর থেকে হারিয়ে যায়। এসব ঘটনা নিয়ে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। গতকাল স্ত্রী তাঁর বাবার বাড়িতে চলে যান।
ঘটনাস্থলে থাকা সিংড়া থানার উপপরিদর্শক মোজাম্মেল হক লাশের পাশ থেকে চিরকুট (সুইসাইড নোট) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির লোকজনের ভাষ্য অনুযায়ী, নিহত আলম টাকা হারানোর শোকে দিনাতিপাত করছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া চিরকুট নিহত তরুণের লেখা কি না, তা যাচাই করা হবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।