সিংড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
নাটোরের সিংড়ায় মোবাইলে অর্থ লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও নগদের এক প্রতিনিধির মাথায় পিস্তল ঠেকিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা কবরস্থানসংলগ্ন রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান জানান, আজ বিকাশ ও নগদের প্রতিনিধি জহুরুল ইসলাম নাটোর শহর থেকে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন বাজারে থাকা এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে আসেন।
একপর্যায়ে তিনি নলবাতা কবরস্থান এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত চারজন মোটরসাইকেল আরোহী পিস্তল ঠেকিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে শালিকা বাজারের দিকে পালিয়ে যায়। পরে ওই ছিনতাইকারীদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জহুরুল ইসলামের ১ লাখ ৩৩ হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।