সিংড়ায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ হোসেন (১০)
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলা থেকে গতকাল বুধবার রাত ১১টার দিকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে সিংড়া থানার পুলিশ। বিকেল থেকে সে নিখোঁজ ছিল। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর এক চাচাকে পুলিশ আটক করেছে।

নিহত শিশুর নাম আসিফ হোসেন (১০)। সে উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের ভুলু মিয়ার ছেলে এবং পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

থানা-পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আসিফ গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১১টার দিকে পাঙ্গাশিয়া মধ্যপাড়া মাঠের কচুখেতে তার গলাকাটা লাশ দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুর বাবা ভুলু মিয়া বলেন, সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় তাঁরা আসিফকে খুঁজতে শুরু করেন। তখন বাড়ির পাশের এক দোকানদার বলেন, আসিফ সন্ধ্যার আগে তাঁর দোকান থেকে ১০০ টাকা দিয়ে ডিমের চপ কিনে নিয়ে গেছে। কিন্তু আসিফকে তিনি কোনো টাকা দেননি বা সে ওই খাবার নিয়ে বাড়িতেও যায়নি। তিনি সন্দেহভাজনের নাম পুলিশের কাছে জানিয়েছেন।

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, যেখান থেকে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে হয়তো তাকে হত্যা করা হয়নি। তার পায়ের স্যান্ডেল পাওয়া গেছে গ্রামের একটি স্কুলঘরের পাশে। ধারণা করা হচ্ছে, সেখানে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য গলা কাটা হয়েছে। তাঁরা এখনো হত্যাকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। পরিবারের পক্ষ থেকেও সেভাবে কিছু বলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর এক চাচাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।