সিংড়ায় ৩৫ শতক জমির ধানের চারা নষ্টের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ বনকুড়ি গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের ৩৫ শতক জমির ধানগাছের চারা নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ওই কৃষক ও তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কৃষক আজ দুপুরে সিংড়া আমলি আদালতে মামলা করেছেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল হক জানান, ২০০৮ সালে সরকার তাঁকে বনকুড়ি মৌজার ২০৫ নম্বর দাগে ৩৫ শতক জমি দান করে। এবার তিনি ওই জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। আজ সকালে হঠাৎ প্রতিবেশী আবদুল জলিলের ছেলে মো. সেলিম লোকজন নিয়ে তাঁর ধানের জমিতে ঢোকেন। তাঁরা জমিতে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলেন এবং আগাছানাশক ছিটিয়ে দেন। এ সময় তিনি (মোজাম্মেল হক) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাধা দিতে গেলে তাঁদের মারধর করে প্রতিপক্ষ।

কৃষক মোজাম্মেল হকের জমির ধানগাছের চারা নষ্ট করে দেওয়ার অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মো. সেলিম বলেন, ‘জমিটি আগে আমাদের দখলে ছিল। মোজাম্মেল হক এবার জমিটি দখল করে নিয়ে ধান রোপণ করেছেন। এ কারণে আমরা জমিতে আগাছানাশক ছিটিয়ে জমিটি পরিষ্কার করার চেষ্টা করেছি। ওই জমিতে আমরা ধান রোপণ করব।’

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান বলেন, সরকারি জমি বুঝিয়ে দেওয়া পর্যন্ত ভূমি অফিসের দায়িত্ব। পরে ওই জমি রক্ষা করার দায়িত্ব যাকে বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁর। প্রয়োজনে তিনি (বরাদ্দ পাওয়া ব্যক্তি) আদালতের আশ্রয় নিতে পারেন।