সিআরপি হাসপাতালের জন্য জমি দিলেন রাজশাহীর মেয়র
রাজশাহীতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ হাসপাতালের নাম হবে সিআরপি রাজশাহী শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার। হাসপাতালটির জন্য ১৫ বিঘা জমি দান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরে সিআরপি কর্মকর্তাদের কাছে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।
সিআরপি হাসপাতালটি কাটাখালি পৌরসভার কাপাসিয়ায় প্রতিষ্ঠিত হবে। এখানে মানুষ স্ট্রোকের চিকিৎসা ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার চিকিৎসা পাবেন। এ ছাড়া স্পাইনাল কর্ড ইনজুরি, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শিক্ষা নিতে পারবেন শিক্ষার্থীরা।
খায়রুজ্জামান বলেন, ১৫ বছর ধরে তিনি ও তাঁর স্ত্রী শাহীন আকতার রেনী পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছেন। এ–সংক্রান্ত কয়েকটি সংগঠনের সঙ্গে নিয়োজিত থেকেও কাজ করেছেন। তখন থেকেই তাঁদের স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা ছিল। সেই চিন্তা থেকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে তিনি ও তাঁর পরিবার মিলে ১৫ বিঘা জমি সিআরপিকে দিয়েছেন।
জমির কাগজপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিআরপির প্রশাসন প্রধান শাহ মো. আতাউর রহমান, বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর আলী সরকার, সিআরপি রাজশাহী কেন্দ্রের ব্যবস্থাপক সোমা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মহিদুল হক।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের সঙ্গে চুক্তি ও জমিদান কার্যক্রম সম্পন্ন করেন মেয়র লিটন। চুক্তি শেষে সেদিন ভ্যালেরি অ্যান টেইলর বলেছিলেন, তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর আনন্দ প্রকাশের ভাষা নেই। শহরের মধ্যে সড়কের পাশে অনেক গুরুত্বপূর্ণ ১৫ বিঘার ১টি জমি পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে সিআরপিকে দান করলেন মেয়র খায়রুজ্জামান। তাঁরা রাজশাহীতে সাভারের সিআরপির আদলে আরেকটি পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলবেন। সেখানে প্রতিবছর এ অঞ্চলের হাজারো মানুষ চিকিৎসাসেবা পাবেন।