সিআরবিতে দুই পক্ষে হাতাহাতি
চট্টগ্রাম নগরের সিআরবিতে কিশোর-তরুণদের দুই পক্ষের মধে৵ হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ওই ঘটনা ঘটে। তবে তারা কোন কোন গ্রুপ তা জানা যায়নি।
সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় কিশোর ও তরুণদের দুটি পক্ষ হঠাৎ করে ‘ধর ধর’ বলে চিৎকার করে পরস্পরের দিকে তেড়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক কিশোরকে পেছন থেকে দুজনকে মারতে দেখা যায়। তা দেখে সিআরবিতে ঘুরতে যাওয়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে সে সময় সিআরবি ছেড়ে চলে যান। তবে পুলিশ আসার সঙ্গে সঙ্গে মারামারি করা পক্ষ দুটির লোকজন পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিকেলের দিকে সিআরবিতে আড্ডা দিতে যাওয়া কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় একটু শোরগোল হয়। পরে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি।
বিকেল সোয়া পাঁচটায় সরেজমিনে দেখা যায়, সিআরবির পরিস্থিতি স্বাভাবিক। বহু মানুষ সিআরবির বিভিন্ন স্থানে বসে আড্ডা দিচ্ছেন।