সিএনজি স্টেশনের গ্যাস বিক্রি হচ্ছে ট্রাকে
চট্টগ্রামের লোহাগাড়া আবাসিক এলাকায় অবৈধভাবে ট্রাকে করে বিক্রি হচ্ছে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস)। সংশ্লিষ্টদের আশঙ্কা, যেকোনো সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে পারে।
এরই মধ্যে উপজেলা সদরে দুবার দুর্ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই উপজেলা সদরে খোলা গ্যাস বিক্রির স্থানে সিলিন্ডার ফুটো হয়ে গ্যাস নির্গত হয়। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ১৮ জানুয়ারি একই স্থানে দুর্ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। ওই ঘটনায় দুজন অগ্নিদগ্ধ হন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, এভাবে গ্যাস বিক্রি সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। যেসব সিলিন্ডারে ভরে গ্যাস বিক্রি করা হয়, সেগুলো নিম্নমানের হওয়ায় যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার পাঁচটি স্থানে ট্রাকে করে সিএনজি বিক্রি করা হয়। এর মধ্যে লোহাগাড়া উপজেলা সদরের তিনটি স্থানে ও পদুয়া তেওয়ারী হাটের দুটি স্থানে গ্যাস বিক্রি হয়। গ্যাস বিক্রেতারা রাতে চট্টগ্রাম নগরের মদুনাঘাট, সীতাকুণ্ডের ভাটিয়ারীসহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে করে গ্যাস এনে বিক্রি করেন।
জানা যায়, উপজেলা সদরে খোলা গ্যাস বিক্রি করছেন সিরাজুল ইসলাম, মো. আমিনসহ তিন ব্যক্তি। পদুয়া তেওয়ারী হাটে বিক্রি করছেন মো. জামালসহ দুই ব্যক্তি।
উপজেলা সদরের বাসিন্দা মো. সাহাব উদ্দিন বলেন, ‘জনবহুল বসতবাড়িসংলগ্ন স্থানে এভাবে গ্যাস বিক্রি করায় আমাদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়।’
স্থানীয় বাসিন্দা মো. সামশুল ইসলাম বলেন, অনেক ভাড়াটিয়া আতঙ্কে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
গ্যাস বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকদের সুবিধার্থে এভাবে গ্যাস বিক্রি করছি।’ তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানে গ্যাস বিক্রির সময় দুর্ঘটনার কথা তিনি স্বীকার করেন।
গ্যাস বিক্রেতা মো. জামাল ও মো. আমিন বলেন, লোহাগাড়ার সিএনজিচালিত অটোরিকশার চালকদের চট্টগ্রাম নগরে গিয়ে সিএনজি আনতে কষ্ট হয়। তাঁদের কষ্ট লাঘবের জন্য তাঁরা এভাবে গ্যাস বিক্রি করেন।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সভাপতি মামুনর রশিদ বলেন, সড়কে এভাবে গ্যাস বিক্রির কারণে যানজটও লেগে যায়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান প্রথম আলোকে বলেন, এভাবে গ্যাস বিক্রি অবৈধ। ইতিমধ্যে গ্যাসভর্তি গাড়ি আটক করে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, এভাবে গ্যাস বিক্রি বন্ধ না করলে বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।