সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা সিএনজি চালক–শ্রমিক ইউনিয়ন তাঁদের বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করে। বৃহস্পতিবার নগরের অশ্বিনী কুমার হলে
প্রথম আলো

বরিশালে জেলা পর্যায়ে অবাধে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিএনজিচালক শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে প্রায় দেড় শ সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিক অংশ নেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আবদুর রব। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক সোয়ান সরদার, সদস্য কাওসার হোসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্যসচিব মনীষা চক্রবর্তী, হাসান জাহাঙ্গীর, মো. ইসা, সোহেল রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলায় সিএনজিচালিত অটোরিকশা না চালাতে পেরে চালকেরা আজ পথে বসেছেন। কিস্তির টাকাও পরিশোধ করতে পারছেন না। বাসমালিকেরা তাঁদের চলাচলে বাধা সৃষ্টি করছেন। এভাবে চলতে থাকলে যাঁরা মালিক ও চালক রয়েছেন, তাঁরা পথে বসবেন। লাখ লাখ টাকা দেনা হয়েছে। গরিব, শ্রমজীবী মানুষ ধারদেনা করে, এমনকি ঋণ নিয়ে সিএনজিচালিত অটোরিকশা কিনে সংসার চালান। কিন্তু সিএনজিচালিত অটোরিকশা জেলায় অবাধে চলাচল করতে দেওয়া হচ্ছে না। চলাচলে বাধা দেওয়ায় তাঁদের আয়ের পথ সীমিত হয়ে গেছে। পথে-ঘাটে তাঁদের নানাভাবে হয়রানি, অটোরিকশা আটকে রাখার মতো ঘটনাও ঘটছে। এভাবে চলতে থাকলে অটোরিকশাচালক-মালিকেরা পথে বসবেন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাতে বাধ্য হবেন।

মানববন্ধনে তাঁরা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হলো আন্তজেলা হাইওয়ের পাশে সার্ভিস সারি (রো) নির্মাণ করা, জেলার লাইসেন্সসহ বিক্রি করা সিএনজিচালিত অটোরিকশা চলাচল না করতে পারলে কিস্তি স্থগিত করা, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য বিশেষ অনুমতি প্রদান।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার শেখ মোহাম্মাদ সেলিম বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচল সিদ্ধান্তের বিষয়টি সরকারের। তাঁরা শুধু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। এখন সরকার যদি সিএনজি বা তিন চাকার যান চলাচলের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁরা সেভাবে বিষয়টি বাস্তবায়ন করবেন।