সিঙ্গাইরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজেদুল আলম ও তাঁর স্ত্রী লিলি আক্তার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী দুজনেই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দ্বিতীয় ধাপের এই ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান শেখ মোহাম্মদ সাজেদুল আলম আনারস এবং তাঁর স্ত্রী লিলি আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যালোবাইক (অটোরিকশা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউনিয়নের বিভিন্ন স্থানে এখন স্বামী-স্ত্রী দুজনেরই প্রতীকসংবলিত পোস্টার দেখা যাচ্ছে। তাঁরা দুজনই ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন বলে জানা গেছে। স্বামী–স্ত্রীর একই পদে প্রার্থী হওয়ার বিষয়টি ওই ইউনিয়নের ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ইউনয়নের দাশেরহাটি গ্রামের নূরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে স্বামী-স্ত্রী দুজনই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কাকে ছেড়ে কাকে ভোট দিব, এটা ভাবার বিষয়।’

দক্ষিণ চারিগ্রাম গ্রামের জুলেখা বেগম বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই ভোট চাইতে আইছিল। কারে ভোট দিমু, তা ভোটের দিন ঠিক করুম।’

সাজেদুল আলম বলেন, তিনি পরপর দুবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনয়নের উন্নয়নমূলক কাজ ও ভোটারদের সেবায় কাজ করেছেন। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে এবারও ভোটাররা তাঁকে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।

স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, বিকল্প প্রার্থী হিসেবে তিনি স্ত্রীকে প্রার্থী করিয়েছেন। এটি একধরনের নির্বাচনী কৌশল।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চারিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিপন হোসেন, ওই স্বামী-স্ত্রীসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।