সিঙ্গাইরে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে সবজি ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জের সিঙ্গাইরে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম কুদ্দুস আলী (৪৭)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি ঢাকার সাভারের তেতুলঝোড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কুদ্দুস সিঙ্গাইরের জয়মণ্ডপ থেকে সবজি কিনে অটোরিকশায় করে তেতুলঝোড়ার উদ্দেশে রওনা হন। তিনি ইজিবাইকচালকের পাশে বসে ছিলেন। সকাল সাড়ে নয়টায় বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুদ্দুসের পরনে থাকা চাদর ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।