সিঙ্গাইরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ইটভর্তি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার বায়রা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম রাজিয়া আক্তার (২৮)। তিনি বায়রা এলাকার নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী।

সিঙ্গাইর থানার পুলিশ এবং স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, রাজিয়া আজ দুপুরে বায়রা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়িতে যাচ্ছিলেন। বেলা একটার দিকে বায়রা গ্রামের মসজিদের পেছনে ইটভর্তি একটি ট্রাককে পাশ কাটাতে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রাজিয়া। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এরপর ট্রাকটি রেখে চালক ও তাঁর সহকারী দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।