সিঙ্গাইরে নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আল-আমিন
ছবি: সংগৃহীত

নিখোঁজের তিন দিন পর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শিশু আল-আমিনের (৭) বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটা থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আল-আমিন বলধারা ইউনিয়নের বড় বাঁকা গ্রামের কাতারপ্রবাসী শহিদুল ইসলামের ছেলে। সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন শহিদুল। আল-আমিন স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ, পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আল-আমিন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ওই রাতে সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় বস্তাবন্দী শিশুর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের ওই পরিত্যক্ত ভিটায় ফেলে রাখে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।