সিঙ্গাইরে মসজিদসংলগ্ন কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মসজিদসংলগ্ন একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মসজিদের পাশের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. ফেরদৌস ইসলাম (৩০)। তিনি নয়াপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন। ফেরদৌস বরিশালের মুলাদি উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ফেরদৌসের স্ত্রী ও পরিবার গ্রামের বাড়িতে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস ইসলাম দেড় মাস ধরে নয়াপাড়া জামে মসজিদে ইমামতি করছিলেন। সেই সুবাদে তিনি মসজিদসংলগ্ন একটি কক্ষে থাকতেন। গতকাল রাতে মসজিদে মুসল্লিদের নিয়ে এশার নামাজ আদায় করেন ফেরদৌস। এরপর প্রতিদিনের মতো নামাজ শেষে তিনি মসজিদের পাশের কক্ষে যান।

রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই কক্ষের জানালা দিয়ে ফেরদৌসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউলকে জানানো হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করে।

ধল্লা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম বলেন, লাশ উদ্ধারের সময় ইমামের সঙ্গে থাকা মুঠোফোনের সঙ্গে একটি হেডফোন সংযুক্ত ছিল। লাশ উদ্ধারের পর ইমামের পরনের পাঞ্জাবির পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, নিহত ফেরদৌস ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনের পাঞ্জাবির পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তবে চিরকুটের লেখাটি ফেরদৌসের নিজের হাতের লেখা কি না, সেটা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।