সিটি করপোরেশনের অনুমতি ছাড়া যুবলীগ নেতার নিয়ন সাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের কেন্দ্রস্থল চাষাঢ়া রাইফেল ক্লাবের দেয়াল ঘেঁষে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের প্রবেশমুখে নিজের ছবিসংবলিত একটি নিয়ন সাইন লাগিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
এ জন্য সিটি করপোরেশনের কাছ থেকে শাহ নিজাম কোনো অনুমতি নেননি। পরিশোধ করেননি বিজ্ঞাপন কর। এমনকি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) অনুমতি ছাড়াই অবৈধ বিদ্যুৎ-সংযোগ নিয়ে বাতির সাহায্যে আলোকিত করা হয়েছে নিয়ন সাইনটি। শাহ নিজাম নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-নারায়ণগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। নিয়ন সাইনে লেখা রয়েছে, ‘উন্নয়নের সুবিধাটা আপনারা নিন, কাজ করার সুযোগটা আমাকে দিন—একেএম শামিম ওসমান’। লেখাটির বাঁ দিকে রয়েছে শামীম ওসমানের ছবি। আর নিচে শাহ নিজামের ছবি। ছবির নিচে রয়েছে শাহ নিজামের নাম ও পদবি।
আইন অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বার্ষিক বিজ্ঞাপন কর দেওয়া বাধ্যতামূলক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর পরিশোধ না করে বিজ্ঞাপন প্রদর্শন করলে তা আইনত দণ্ডনীয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার। তবে ওই নিয়ন সাইন স্থাপনে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং বিজ্ঞাপন করও পরিশোধ করা হয়নি বলে স্বীকার করেন তিনি।
ডেসকোর নারায়ণগঞ্জ (পূর্ব) কার্যালয়ের ব্যবস্থাপক মেহেজুর রহমান বলেন, ওই নিয়ন সাইনে বিনা অনুমতিতে বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে একাধিকবার শাহ নিজামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।