সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনহা মো. রাশেদ খান
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অষ্টম দফার প্রথম দিনে আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখি হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। আজ সোমবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, এর আগে ১৭ নভেম্বর একই আদালতে মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ জেরার অংশবিশেষ সম্পন্ন হয়। আজ আসামিপক্ষের অবশিষ্ট আইনজীবীরা জেরা করছেন। আসামিপক্ষের অন্তত ১৩ আইনজীবী আছেন বলে জানান তিনি।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ আদালত পরিচালনা করছেন। এর আগে সাত দফায় এ মামলার ৮৩ সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আজ সকালে তদন্ত কর্মকর্তাকে জেরার সময় সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ১৫ আসামিকে আদালতে নিয়ে আসা হয়। অষ্টম দফায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলবে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি ও রামুতে একটি) মামলা করে। ঘটনার পাঁচ দিন পরে ৫ আগস্ট কক্সবাজারের আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।