সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ রোববার শুরু
আদালতের সরকারি কৌঁসুলি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফার সাক্ষ্য গ্রহণ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিন। এ সময় অন্তত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ হতে পারে। এ মামলার মোট সাক্ষী ৮৩ জন।
আদালতকে দেওয়া জবানবন্দিতে বাদী শারমিন শাহরিয়া বলেন, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে খুন হন সিনহা মো. রাশেদ। ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছ থেকে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ জেনে গত বছরের ৫ আগস্ট কক্সবাজার আদালতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। তিনি অভিযোগপত্রভুক্ত ১৫ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন আদালতের কাছে।
আদালত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সাক্ষ্য গ্রহণ ও জেরার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন প্রদীপ কুমার দাশ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ আসামি।
আদালতে দেওয়া জবানবন্দিতে সাহেদুল ইসলাম বলেন, সেদিন রাতে (৩১ জুলাই ২০২০) লিয়াকত আলীর গুলিতে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন সিনহা মো. রাশেদ। প্রদীপ ঘটনাস্থলে গিয়ে প্রথমে লিয়াকত আলীর সঙ্গে আড়ালে কথা বলেন। তারপর সিনহার কাছে গিয়ে উত্তেজিত কণ্ঠে আপত্তিকর ভাষায় গালমন্দ করেন। প্রদীপ নিজের পা দিয়ে সিনহার শরীর নাড়াচড়া করে দেখেন, তখনো সিনহা নড়াচড়া এবং পানি পানি করছিলেন। তখন প্রদীপ সিনহার বুকে লাথি মারেন এবং পা দিয়ে সিনহার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। তাঁকেও তল্লাশিচৌকিতে ঢুকিয়ে বেদম মারধর করেন প্রদীপ।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সাহেদুল ইসলাম (সিফাত) ঘটনার সময় সিনহার সঙ্গে ছিলেন এবং ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীও তিনি। তাঁর সামনেই সিনহার খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তিনি কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে গেছেন। তাঁকে অন্তত ছয় ঘণ্টা জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তারপর আদালতে সিফাত হত্যাকাণ্ডের বাস্তবচিত্র তুলে ধরতে পেরেছেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। পুলিশের মামলায় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সিনহা যেখানে ছিলেন, হিমছড়ির নীলিমা রিসোর্টে ঢুকে তাঁর ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকেও আটক করে পুলিশ। পরে নুরকে ছেড়ে দিলেও শিপ্রা ও সাহেদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব।
২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।
গ্রেপ্তার আসামির মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তৎকালীন ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এর আগে আসামিদের তিন দফায় ১২ থেকে ১৫ দিন রিমান্ডে আনা হয়েছিল।