সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন গৃহবধু বেবী বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপ কুমার দাশ
ফাইল ছবি

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আজ রোববার পঞ্চম দফার প্রথম দিনে সাক্ষ্য দিচ্ছেন গৃহবধূ বেবী বেগম। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায়। তাঁর সাক্ষ্য নিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমসহ তিনজন আইনজীবী।

সাক্ষ্য শেষে বেবী বেগমকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরিচালনা করছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

আইনজীবীরা বলেন, সকাল ১০টার দিকে বেবী বেগমকে দিয়ে শুরু হয় আদালতের বিচারকার্য। বেবী বেগম ছাড়াও সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির করা হয় সিনহা হত্যা মামলার আরও নয়জন সাক্ষীকে। তাঁরা হলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফিন, সার্জেন্ট মোকতার, কর্পোরাল নুর মোহাম্মদ, সৈয়দ মঈন, আবু জাফর, রুহুল আমিন, সার্জেন্ট জিয়াউর রহমান, আনিসুর রহমান ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক নুর মোহাম্মদ।

সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় ছিলেন বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, গত ২৯ সেপ্টেম্বর চতুর্থ দফার ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। পঞ্চম দফার তিন দিনে (১০, ১১ ও ১২ অক্টোবর) আরও ২০ জনের সাক্ষ্য নেওয়া হতে পারে। মামলার মোট সাক্ষী ৮৩ জন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি ও রামুতে একটি) মামলা করে। ঘটনার পাঁচ দিন পর কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।