সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন লে. কর্নেল ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফার তৃতীয় দিনে সাক্ষ্য দিচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরান। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলমসহ তিন আইনজীবী কর্নেল ইমরানের সাক্ষ্য গ্রহণ করছেন। ফরিদুল আলম প্রথম আলোকে জানান, আজ নয়জনকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে। এদিকে ষষ্ঠ দফার সাক্ষ্য গ্রহণের জন্য আজ নতুন তারিখ ঘোষণা করবেন বিচারক। এর আগে এ মামলায় ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ মামলার মোট সাক্ষী ৮৩ জন।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আদালত পরিচালনা করছেন। লেফটেন্যান্ট কর্নেল ইমরানের সাক্ষ্য গ্রহণ শেষে তাঁকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। এরপর অন্য সাক্ষীদেরও অনুরূপভাবে সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হবে। গতকাল সোমবার দুজন সেনাসদস্য, একজন পুলিশ কনস্টেবল ও কক্সবাজার সদর হাসপাতাল মর্গের দুজন ডোমের সাক্ষ্য নেওয়া হয়েছিল।

আইনজীবীরা জানান, এ মামলায় প্রথম দফায় মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম ওরফে সিফাতের সাক্ষ্য নেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় দফায় চারজন, তৃতীয় দফায় আটজন, চতুর্থ দফায় ছয়জন এবং পঞ্চম দফার গত দুই দিনে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।