সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন সার্জেন্ট জিয়াউর রহমান
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফার দ্বিতীয় দিনে সাক্ষ্য দিচ্ছেন সার্জেন্ট জিয়াউর রহমান। আজ সোমবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সার্জেন্ট জিয়াউর কক্সবাজার সেনাবাহিনীর ৬৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমসহ তিনজন তাঁর সাক্ষ্য গ্রহণ করছেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করবেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আদালত পরিচালনা করছেন।
সাক্ষ্য গ্রহণের সময় সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন আসামি আদালতের কাঠগড়ায় আছেন বলে জানা গেছে।
সাক্ষ্য শুরুর আগে পিপি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, সাক্ষ্য দেওয়ার জন্য আজ পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। সার্জেন্ট জিয়াউর ছাড়া অন্য চার সাক্ষী হলেন সেনাবাহিনীর সার্জেন্ট আনিসুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের ডোম আহমদ কবির ও সৈয়দ কালাম মিয়া এবং পুলিশ কনস্টেবল মো. কামরুল হাসান।
এর আগে ৫ দফায় সিনহা হত্যা মামলার ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। ১২ অক্টোবর আরও ৬ থেকে ৭ জনের সাক্ষ্য নেওয়া হতে পারে। এই মামলার মোট সাক্ষী ৮৩ জন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।