সিনিয়র এএসপি আনিসুলের বাড়িতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
‘প্রাথমিক তদন্তে জানা গেছে পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুটি স্বাভাবিক নয়, এটি একটি হত্যাকাণ্ড। হাসপাতালটিতে স্বাস্থ্য বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ হাসপাতাল চালানোর মতো কোনো বৈধ কাগজপত্র নেই, প্রশিক্ষিত জনবল নেই। এই হাসপাতালে শুধু ওয়ার্ড বয় নয়, চিকিৎসাকাজেও যাঁরা জড়িত আছেন, তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আনিসুল করিমের বাড়িতে তাঁর বাবা, ভাই, বোন ও স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব কথা বলেছেন। এ সময় তাঁর সঙ্গে ঢাকা থেকে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনিসুল করিমের প্রায় ২০ জন ব্যাচমেট ছিলেন। পরে তাঁরা আনিসুলের কবর জিয়ারত করেন এবং হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মধ্যে ১০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক অসুস্থ থাকায় এখন তাঁর চিকিৎসা চলছে। সুস্থ হলে তাঁকেও রিমান্ডে নেওয়া হবে। চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মীদের মারধরে মৃত্যু হওয়া বরিশালের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুল করিমের হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আনিসুল হত্যার বিচার দাবিতে সমাবেশ
কাপাসিয়া উপজেলার আড়াল এলাকার সন্তান আনিসুল করিম হত্যার বিচারের দাবিতে কালো ব্যাচ ধারণ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কাপাসিয়া শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
আনিসুল করিমের সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান আমানত হোসেন খান, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, আয়েশা বেগম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা সিনিয়র এএসপি আনিসুল করিমের হত্যার বিচার চেয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।