সিন্ডিকেট সভা ঠেকাতে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা ঠেকাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোড সংলগ্ন উপাচার্য বাসভবনের সামনেশফিকুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করার এক দিন পরই আন্দোলনে নেমেছেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড–সংলগ্ন উপাচার্যের বাসভবনের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন। সিন্ডিকেট সভা আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হওয়ার কথা।

চাকরিপ্রত্যাশীদের দাবি, গতকাল সোমবার দুপুরে আলোচনায় তিন দিনের মধ্যে তাঁদের সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাঁদের সমস্যা সমাধান না করেই আজ সিন্ডিকেট বসাতে চাচ্ছেন রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

সদ্য সাবেক উপাচার্য এম আবদুস সোবহানের শেষ দিনে ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্তরা গত শনিবার সকাল থেকে ক্যাম্পাসে স্ব স্ব পদে যোগদানের দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর ফলে শনিবার ফাইন্যান্স কমিটির সভা স্থগিত হয়ে যায়। তাঁরা সে সময় ঘোষণা দিয়েছিলেন, সিন্ডিকেট সভাও করতে দেবেন না। কিন্তু রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে তাঁরা রুটিন উপাচার্য আনন্দ কুমার সাহার বাসভবনসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভবনের তালা খুলে দেন।

চাকরিপ্রত্যাশীদের দাবি, সোমবার তিন দিনের মধ্যে তাঁদের সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাঁদের সমস্যা সমাধান না করেই আজ সিন্ডিকেট বসাতে চাচ্ছেন রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

পরদিন গতকাল দুপুরে স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন ও মহানগর আওয়ামী লীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনা সভা হয়। সভা শেষে বের হয়ে চাকরিপ্রাপ্তরা আন্দোলন স্থগিত করেন। তাঁরা ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রমে বাধা দেবেন না বলেও জানিয়েছিলেন। তবে আজ সকাল থেকেই তাঁদের ক্যাম্পাসে দেখা গেছে এবং সন্ধ্যার দিকে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের অবস্থান কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোড সংলগ্ন উপাচার্য বাসভবনের সামনে
শফিকুল ইসলাম

চাকরিতে যোগদানের জন্য আন্দোলনকারী আতিকুর রহমানের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তিন দিনের মধ্যে তাঁদের বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস দেওয়া হলে গতকাল তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু এভাবে যে আজকে তাঁরা সিন্ডিকেট করবেন, তাঁরা এটা ভাবতে পারেননি। তাঁদের আশঙ্কা, আজকে সিন্ডিকেট সভায় তাঁদের নিয়োগ বিষয়ে প্রস্তাব তুলে বাতিল করতে পারে। এ কারণে তাঁরা সিন্ডিকেট সভা করতে দেবেন না। আগে তাঁদের সমস্যা সমাধান করতে হবে, পরে সিন্ডিকেট সভা।

আরও পড়ুন

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে আজ সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আলোচনায় ছিল, আজকে সকাল ১০টায় স্থগিত হয়ে যাওয়া ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে সে সভাটি হয়নি। দিনভর আলোচনায় ছিল, আজকে সিন্ডিকেট সভা নিয়োগপ্রাপ্তরা ঠেকাতে পারেন। দুপুরের দিকে ক্যাম্পাসে কিছুটা শূন্যতা দেখা গেলেও বিকেলের দিকে চাকরিপ্রত্যাশীরা আবার ক্যাম্পাসে ঢোকেন এবং সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান করেন। উপাচার্যের বাড়ির সামনে নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ শুয়ে পড়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন
প্রথম আলো

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। তাই তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে আমলে না নিয়ে আবদুস সোবহান উপাচার্য হিসেবে শেষ কর্মদিবস ৬ মে ১৩৮ জনকে অ্যাডহকে (অস্থায়ী) নিয়োগ দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। সেদিন এই নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে সেদিনই বিকেলে শিক্ষা মন্ত্রণালয় একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে গত ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। শেষ অবৈধ নিয়োগে তদন্ত কমিটি বিদায়ী উপাচার্যসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। আবদুস সোবহানের দেশত্যাগেও নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এর মধ্যেই নিয়োগপ্রাপ্তরা যোগদানের জন্য ক্যাম্পাসে আন্দোলন করছেন।