সিন্দুকসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার হালসা বাজারে সোনার দুটি দোকানে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিন্দুকসহ বেশ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোরে জেলা ও জেলার বাইরে এ অভিযান চালানো হয়।

থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে হালসা বাজারে মৌসুমী ও জবেদা জুয়েলার্সে ডাকাতি হয়। সেখান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মোট ২০ লাখ টাকার মালামাল লুট করা হয়। বাধা দিতে এলে বাজারের দুই নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে মৌসুমী জুয়েলার্সের মালিক মজিদ শাহ ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় ডাকাতির মামলা করেন।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নাটোরের লালপুর উপজেলার আমিনপাড়া গ্রামের ফরেন আলী (৪২), পাবনার তাড়াশ উপজেলার নাদোর সৈয়দপুর গ্রামের সালাম হোসেন (৩৭), সিংড়া উপজেলার চৌগ্রামের মজিবুর রহমান (৪০) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দিলীপ কুমার করকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় ফরেন আলীর বাড়ি থেকে লুণ্ঠিত সিন্দুক ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল বিকেলে আদালতে পাঠানো হয়েছে।