সিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিভাগের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াহিদা সিফাত হত্যাকাণ্ডকে শুরুতেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের অভিযোগপত্র দেওয়ার মাধ্যমে বিষয়টি এখন পরিষ্কার, সিফাতকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হতে চললেও আসামিরা বিভিন্নভাবে জামিনের পাঁয়তারা করছে। যত দিন পর্যন্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না, তত দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মানববন্ধনের বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক তানভীর আহমদ, মশিহুর রহমান ও বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মেহেদী হাসান।
২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় ওয়াহিদা সিফাতের। এ ঘটনায় নগরের রাজপাড়া থানায় হত্যা মামলা করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। রাজপাড়া থানা-পুলিশ মামলাটির তদন্তে সফল না হওয়ায় তা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। সেখানেও অগ্রগতি না হওয়ায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।
রাজশাহী আদালত সূত্রে জানা গেছে, ২৩ মার্চ ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। অভিযুক্তরা হলেন নিহত সিফাতের স্বামী মো. আসিফ ওরফে প্রিসলি, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান।