সিরাজগঞ্জ গণগ্রন্থাগারে পাঠকের আনাগোনা কম
সিরাজগঞ্জ পৌর শহরে অবস্থিত জেলা গণগ্রন্থাগারে রয়েছে হাজারো বই, ম্যাগাজিন ও সংবাদপত্র। তবে গ্রন্থাগারে এখন আর তেমন পাঠক দেখা যায় না। দীর্ঘদিন ধরে বইগুলো পড়ে রয়েছে অবহেলায়। গ্রন্থাগারের কর্মকর্তারা বলছেন, মুঠোফোনে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় ছাপা বইয়ের প্রতি আগ্রহ হারিয়েছেন পাঠকেরা।
পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মির্জা সড়কের পাশে এ সরকারি গণগ্রন্থাগারটি গড়ে তোলা হয়েছে। গণগ্রন্থাগার সূত্রে জানা গেছে, এখানে গল্প, উপন্যাস, কবিতা, ধর্মীয় ও মুক্তিযুদ্ধবিষয়ক বই, অভিধানসহ পাঠকদের জন্য রয়েছে প্রায় ২৯ হাজার বই। এ ছাড়া গ্রন্থাগারটিতে প্রতিদিন ৯টি বাংলা দৈনিক পত্রিকা, ১টি ইংরেজি দৈনিক ও মাসে ১০টি ম্যাগাজিন রাখা হয়। এখানে একসঙ্গে ১০০ জন পাঠক নিরিবিলি পরিবেশে বসে বই পড়তে পারেন। বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রন্থাগারটি খোলা থাকে। গ্রন্থাগারে বর্তমানে জুনিয়র গ্রন্থাগারিক, গ্রন্থাগার সহকারী ও নৈশপ্রহরী কর্মরত রয়েছেন। তবে পাঁচটি পদ শূন্য আছে।
গত ২৩ ফেব্রুয়ারি সকালে গণগ্রন্থাগারে গিয়ে আটজন পাঠক পাওয়া যায়। বেশির ভাগ পাঠক পত্রিকা পড়ার জন্যই এখানে এসেছেন। গ্রন্থাগারের রেজিস্টার থেকে জানা যায়, চলতি মাসের শুরু থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৭৫ জন পাঠক গ্রন্থাগারে আসেন।
আবু তালহা বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছেন। তিনি এখানে সংবাদপত্র পড়ার জন্য আসেন। পত্রিকা পড়ার পাশাপাশি চাকরির বিজ্ঞাপনেও চোখ বোলান। একই কথা বলেন মুক্তার হোসেন নামের আরেক পাঠক।
শহরের সুমাইয়া আকতার বলেন, ‘সময় পেলে মাঝেমধ্যে গণগ্রন্থাগারে উপন্যাস পড়তে আসি।’
গ্রন্থাগার সহকারী মিজানুর রহমান বলেন, গ্রন্থাগারটিতে আটজনের স্থলে তিনজন কাজ করছেন। শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে পাঠাগারের আরও উন্নয়ন হতো। তিনি আরও বলেন, করোনার কারণে দীর্ঘ সময় ধরে গ্রন্থাগারটি বন্ধ ছিল। করোনাকালীন বিধিনিষেধ উঠে যাওয়ার পর ২০২১ সালের ১১ আগস্ট গ্রন্থাগার খোলা হয়। এরপর পাঠকসংখ্যা একদম কমে গিয়েছিল। এখন ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে গেছে। সামনে পাঠক বাড়তে পারে।
গণগ্রন্থাগারের জুনিয়র গ্রন্থাগারিক সজীব আহম্মেদ বলেন, এখানে প্রতিদিন গড়ে ৪৫ জন পাঠক বই ও সংবাদপত্র পড়তে আসেন। পাঠকদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যাই বেশি। বই পড়ার আগ্রহ বাড়াতে সরকারি গণগ্রন্থাগারের পক্ষ থেকে জাতীয় দিবস ও বই পাঠ প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে। তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগে এখানে প্রতিদিন ১৪০–১৫০ জন পাঠক আসতেন।
গণগ্রন্থাগারে পাঠক কমে যাওয়ার বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, বর্তমানে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় সবার হাতে ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন রয়েছে। এখন তারা ইন্টারনেটের দুনিয়াতেই বেশি সময় কাটায়। ফলে তারা আর পাঠাগারে আসছে না। বই চিন্তার খোরাক জোগায়। সামাজিক যোগাযোগমাধ্যমে চিন্তার খোরাক কম। তাই বই পড়ার কোনো বিকল্প নেই।