সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকার ১০০ মিটার মঙ্গলবার ধসে পড়ে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর রক্ষার বাঁধের ১০০ মিটার ধসে পড়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি ও যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে হঠাৎ করেই শহর রক্ষা বাঁধে ধস নেমেছে। এতে শহরের বাসিন্দারা চিন্তিত হয়ে পড়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার বেলা দুইটা থেকে শহর রক্ষা বাঁধের পুরোনো জেলখানার যমুনা নদীর ঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধস ঠেকানোর জন্য তাৎক্ষণিকভাবে বাঁধের কাছে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে।

পাউবোর সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, যমুনা নদীর ভাঙনের বিষয়ে আগে থেকে কিছু অনুমান করা কঠিন। কারণ, প্রতি মুহূর্তে এই নদীর গতিপথ ও সার্বিক অবস্থা পরিবর্তন হয়। দুদিন আগেও আমরা এখানে ভালো অবস্থা দেখেছি। আজ হঠাৎ করেই শহর রক্ষা বাঁধের কাছে ভাঙন শুরু হয়।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরও বলেন, প্রায় প্রতিবছরই বর্ষা মৌসুমে এই শহর রক্ষা বাঁধ হুমকির মুখে থাকে। পাউবো অগ্রাধিকার ভিত্তিতে এই বাঁধের রক্ষণাবেক্ষণ করে থাকে। তারপরও মাঝেমধ্যে ধস নামে। গত কয়েক দিন টানা বর্ষণ ও নদীর পানির তীব্র স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে বাঁধের নিচ থেকে মাটি সরে গেছে। ধস নামার এটাই অন্যতম কারণ বলে অনুমান করা হচ্ছে। তবে জরুরি ভিত্তিতে ধস ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে।

শহর রক্ষা বাঁধ ধসে পড়ার খবর পেয়ে পৌর শহরের হোসেনপুর মহল্লার বেল্লাল হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, শহর রক্ষা বাঁধ নির্মাণের পর থেকে প্রায় প্রতিবছরই কমবেশি বাঁধে ধস নামে। পাউবো ধস ঠেকানোর জন্য তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলাসহ রুটিন দায়িত্ব পালন করে। এতে সাময়িকভাবে ধস মোকাবিলা করা যায়, কিন্তু স্থায়ীভাবে ব্যবস্থা না নেওয়ায় শহরবাসী উদ্বেগ–উৎকণ্ঠার মধ্যে থাকে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ফারুক আহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা ধসে যাওয়া জায়গা পরিদর্শন করেছেন।

পাউবো সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য ১৯৯৮ সালে ৩৩১ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়।