সিরাজগঞ্জে আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আদালত থেকে গতকাল বুধবার আবদুল করিম নামের হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। করিম শহরের মিরপুর ওয়াপদা বাঁধ এলাকার মৃত জুড়ান শেখের ছেলে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর পেশকার মিহির বরণ সাহা জানান, গতকাল দুপুরে আদালতে অন্য একটি মামলার কার্যক্রম চলছিল। এ সময় আদালতকক্ষের পেছন দিকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার আসামি আবদুল করিম (২৪) পুলিশের পাহারায় বসে ছিলেন। একপর্যায়ে তিনি কৌশলে হাতকড়া খুলে এজলাস থেকে দৌড়ে বের হয়ে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের একটি হত্যার ঘটনায় করিম ও তাঁর বাবা জুড়ান শেখকে আসামি করে একটি মামলা করা হয়। পরে ওই মামলায় করিমকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। গতকাল আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। ইতিমধ্যে মামলার প্রধান আসামি জুড়ান মারা গেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। এ সময় তিনি জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতের দুই কনস্টেবল মো. শফিক ও ওয়াহেদুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।